Ridge Bangla

২০২৬ সালে নজর কাড়বে যেসব সিনেমা

ঢালিউডে গত বছর হিট সিনেমার সংখ্যা বাড়লেও সামগ্রিকভাবে মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা কমেছে। তবে দুই ঈদে সিনেমা মুক্তির হিড়িক লক্ষ্য করা গিয়েছিল। নতুন বছর ২০২৬-এও ঈদকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। শুধু ঈদ নয়, বড় বাজেটের বেশ কয়েকটি সিনেমা মুক্তির পরিকল্পনা রয়েছে এই বছর। ২০২৬ সালে আলোচনার শীর্ষে থাকতে পারে এমন কয়েকটি সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ ইতোমধ্যে তৈরি হয়েছে।

বরাবরের মতো এ বছরও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন শাকিব খান। দুই ঈদ ছাড়াও অন্য সময়ে মুক্তি পাবে তার সিনেমা। গত বছর শেষ দিকে শুরু হওয়া সাকিব ফাহাদের ‘সোলজার’ একটি দেশপ্রেমিক গল্পের সিনেমা, যেখানে শাকিব খানের সঙ্গে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমাটি ঈদ ছাড়াই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রোজার ঈদে মুক্তি পাবে আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এই সিনেমায় শাকিব খান নব্বইয়ের দশকের একটি গ্যাংস্টার চরিত্রে অভিনয় করছেন এবং তার নায়িকা তাসনিয়া ফারিণ। পশ্চিমবঙ্গের এক নায়িকাও এই সিনেমায় অভিনয় করবেন বলে জানা গেছে। এছাড়া কোরবানির ঈদে শাকিব খানের আরও একটি সিনেমা মুক্তির কথা রয়েছে।

রোজার ঈদেই ‘দম’ সিনেমা নিয়ে হাজির হবেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটির গল্প একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যা একটি সারভাইভাল থ্রিলার। এতে আরও অভিনয় করেছেন পূজা চেরি। ইতোমধ্যে কাজাখস্তানে সিনেমার প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে এবং শিগগিরই বাকি অংশের শুটিং শুরু হবে।

২০২২ সালে ‘হাওয়া’ সিনেমা দিয়ে সাড়া জাগানো নির্মাতা মেজবাউর রহমান সুমন এবার আসছেন ‘রইদ’ নিয়ে। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়ার পর এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মোস্তাফিজ নূর ইমরান, নাজিফা তুষি প্রমুখ অভিনীত এই সিনেমার ট্রেলার ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

গত বছর ‘জংলি’ দিয়ে সফল ছিলেন সিয়াম আহমেদ। এ বছর তার দুটি সিনেমা মুক্তি পেতে পারে। রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার শুটিং শেষ হয়েছে, যেখানে সিয়ামের সঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও আফসানা মিমি। সিনেমাটি বছর শেষের দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে। এর আগে ঈদে মুক্তি পেতে পারে মেহেদী হাসান হৃদয় পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘রাক্ষস’, যেখানে সিয়ামের বিপরীতে টলিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় অভিনয় করেছেন।

তানিম নূর গত বছর ‘উৎসব’ সিনেমা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। এবার রোজার ঈদে তিনি নিয়ে আসছেন ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শরিফুল রাজ ও শ্যামল মাওলা। ডিসেম্বর মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

এ বছর নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম। অপু বিশ্বাস অভিনীত দুটি সিনেমা হলো কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’, যা একটি থ্রিলার মার্ডার মিস্ট্রি, এবং বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’। ‘দুর্বার’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আবদুন নূর সজল। উভয় সিনেমাই ঈদ উপলক্ষে মুক্তির পরিকল্পনায় রয়েছে।

অন্যদিকে, বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে আরিফিন শুভর বিপরীতে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’-এ।

এ ছাড়াও ২০২৬ সালে মুক্তির সম্ভাবনায় থাকা উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে শবনম বুবলীর অভিনীত জাহিদ জুয়েলের ‘পিনিক’, রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’ ও রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’, অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’, রেজা ঘটকের ‘ডোডোর গল্প’, রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ এবং প্রসূন রহমানের ‘শেকড়’।

This post was viewed: 30

আরো পড়ুন