Ridge Bangla

অপারেশন ডেভিল হান্ট: দ্বিতীয় ধাপে আটক ৫৯১

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালিত বিশেষ চিরুনি অভিযানে গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৫৯১ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, গত এক দিনে দেশের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশি পিস্তল ও দেশীয় তৈরি শ্যুটার গানসহ বিভিন্ন মারণাস্ত্র। কেবল অপরাধী গ্রেপ্তারই নয়, সড়কে শৃঙ্খলা ফেরাতেও সক্রিয় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চলাকালে সারাদেশে ৩২ হাজার ৫২৪টি মোটরসাইকেল এবং ৪৬ হাজার ৬১৪টি অন্যান্য যানবাহন তল্লাশি করা হয়। যথাযথ কাগজপত্র না থাকা এবং আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে ৪৬৭টি অবৈধ মোটরসাইকেল।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের সভায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় ধাপ বা ফেজ-২ শুরুর সিদ্ধান্ত হয়। সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি রুখতেই যৌথ বাহিনীর এই বিশেষ তৎপরতা শুরু হয়।

This post was viewed: 29

আরো পড়ুন