Ridge Bangla

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ও দেলাওয়ার হোসেনের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা এই সিদ্ধান্ত জানান।

রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, যাচাই-বাছাইয়ে প্রার্থীদের দাখিল করা কাগজপত্র, হলফনামা এবং আইনি শর্ত পূরণের বিষয়গুলো খতিয়ে দেখা হয়। সব দিক বিবেচনায় মনোনয়নপত্র সঠিক থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দেলাওয়ার হোসেনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

একই সঙ্গে একই আসনে ইসলাম আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ফলে ঠাকুরগাঁও-১ আসনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর থেকে সারাদেশে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়, যা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

This post was viewed: 26

আরো পড়ুন