আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এ বিষয়ে আন্তর্জাতিক মহলের চাপ বা হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না।
শনিবার (৩ জানুয়ারি) মুন্সীগঞ্জে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরপর নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশ কীভাবে সম্পর্ক বজায় রাখবে, তা তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, বিচার একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। এ ক্ষেত্রে তাড়াহুড়ার সুযোগ নেই। বিচার কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে করা যায় না। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, যাতে আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করা যায়।
তিনি আরও জানান, হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না অভিযুক্তরা কোথায় অবস্থান করছে। প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে, তারা হয়তো সীমান্ত অতিক্রম করেছে। নির্দিষ্টভাবে অবস্থান চিহ্নিত করা গেলে বিষয়টি আরও স্পষ্ট হতো।