Ridge Bangla

বিটিআরসি ভবন ভাঙচুরে থানায় মামলা, গ্রেপ্তার ৪৫ জন কারাগারে

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৪৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।

সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী অবৈধ ও নন-চ্যানেল হ্যান্ডসেট বন্ধে ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয় ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই উদ্যোগের বিরোধিতা করে আসছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি অংশ। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে এনইআইআর চালুর প্রতিবাদে শত শত আন্দোলনকারী আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন।

প্রত্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা হঠাৎ বিটিআরসি ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। হামলায় ভবনের সামনের কাঁচের দেয়াল, অভ্যর্থনা কক্ষ এবং নিচতলায় থাকা ট্রেনিং রুমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমনকি হামলার সময় ভবনের মসজিদে আসরের নামাজরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুরের শিকার হয় ভবনের সামনে রাখা প্রতিষ্ঠানটির একটি নিজস্ব স্টাফ বাসও। বিটিআরসি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এই তাণ্ডবে প্রায় দুই কোটি এক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ৪৫ জনকে হাতেনাতে আটক করে। এই ঘটনায় বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন জানালে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

This post was viewed: 32

আরো পড়ুন