Ridge Bangla

আপসহীন নক্ষত্রের মহাপ্রয়াণ, আপনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আপসহীন এই নেত্রীর বিদায়ে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে বুধবার (৩১ ডিসেম্বর) গুলশান থেকে জানাজার জন্য জাতীয় সংসদ ভবনে নেওয়া হয়েছে। তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা এবং বিএনপির নেতারা এই শেষ যাত্রায় উপস্থিত ছিলেন। সংসদ ভবনে জানাজা শেষে তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হবে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। চলতি বছরের ৮ জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গমন করেন এবং ৬ মে দেশে ফিরে আসেন। গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি আজ ভোরে চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন।

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ কয়েক দশক ধরে নেতৃত্বদানকারী খালেদা জিয়া ‘দেশনেত্রী’ হিসেবে জনগণের কাছে সমাদৃত ছিলেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অটল ভূমিকার জন্য তাকে ‘আপসহীন’ উপাধিতে ভূষিত করা হয়। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন।

তার প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী-সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ আবেগঘন বার্তার মাধ্যমে এই নেত্রীকে স্মরণ করছেন। নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল তার ফেসবুকে লিখেছেন, “আপসহীন নক্ষত্রের মহাপ্রয়াণ। শোক ও বিনম্র শ্রদ্ধা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”

একটি যুগের অবসান হলো। জাতি হারালো তার অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বকে। তার বিদায় শুধু একটি রাজনৈতিক দলেরই নয়, গোটা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

This post was viewed: 28

আরো পড়ুন