Skip to main content

Ridge Bangla

প্রিয় নেত্রীর শেষ বিদায়ে ঢাকায় লাখো মানুষের ঢল, জানাজা দুপুর ২টায়

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের আশপাশে মানুষের বিশাল সমাগম লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে শোকার্ত মানুষ ভিড় জমিয়েছেন প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে।

সকাল সোয়া ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, জানাজা শুরুর প্রায় পাঁচ ঘণ্টা আগে থেকেই হাজার হাজার মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অবস্থান নিয়েছেন। বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল অব্যাহত রয়েছে। উপস্থিত মানুষের চোখে-মুখে আপসহীন রাজনৈতিক নেত্রীকে হারানোর গভীর শোক ফুটে উঠছে। নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, “ঘরে বসে থাকতে পারিনি। নিজের খরচে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছি।” নারায়ণগঞ্জ থেকে আগত ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, “বাংলাদেশের ইতিহাসে এমন দেশপ্রেমিক ও সাহসী নেত্রী আর আসবেন কি না সন্দেহ আছে। তার শেষ বিদায়ে অংশ নিতেই আমরা এসেছি।”

প্রধান উপদেষ্টার দপ্তর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে, জানাজার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বেগম খালেদা জিয়ার প্রতি সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য সরকারি এবং নিরাপত্তা সংস্থাগুলো সব ব্যবস্থা গ্রহণ করেছে। জানাজা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া অ্যাভিনিউ পুরো এলাকা জানাজার জন্য প্রস্তুত রাখা হয়েছে। জানাজা ও দাফন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এবং জিয়া উদ্যানসহ সংশ্লিষ্ট এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। জানাজার পর বিকেল সাড়ে ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে শেরেবাংলা উদ্যান এলাকায় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

This post was viewed: 46

আরো পড়ুন