রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক মো. নয়ন তালুকদার (৭০) এবং অপরজন মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)। নয়ন তালুকদার যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা ও রমেজ তালুকদারের ছেলে। ইয়াসিন আরাফাত দক্ষিণ মুগদার ১৪১ নম্বর এলাকার জহিরুল ইসলামের সন্তান বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প সূত্র জানায়, ভোরের দিকে মৌচাক ফ্লাইওভারের ওপর যান চলাচলের সময় দুটি যান মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় চালক মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।