Skip to main content

Ridge Bangla

সেরা নির্বাচন উপহার দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করতে সম্পূর্ণ প্রস্তুত অন্তর্বর্তী সরকার- এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এই নির্বাচন বাংলাদেশের অন্যতম সেরা নির্বাচন হিসেবে বিবেচিত হবে বলে সরকার বিশ্বাস করে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, আসন্ন নির্বাচন কেবল একটি সংসদ নির্বাচন নয়, বরং এটি এক ধরনের গণভোট, যেখানে রাষ্ট্রীয় সংস্কার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে জনগণের মতামত প্রতিফলিত হবে। এ কারণে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য হবে বলে সরকার আশা করছে।

নির্বাচন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে শফিকুল আলম জানান, সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত বৈঠকের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছে। তিনি বলেন, মনোনয়ন দাখিলের শেষদিন ২৯ ডিসেম্বর পর্যন্ত দেশের কোথাও কোনো বিশৃঙ্খলা, সংঘর্ষ বা সহিংসতার ঘটনা ঘটেনি, যা একটি ইতিবাচক নির্বাচন পরিবেশের ইঙ্গিত দেয়। প্রতিটি আসনে গড়ে আটজনের বেশি প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, যা প্রতিযোগিতামূলক নির্বাচনের লক্ষণ।

ভোটার সচেতনতার বিষয়ে প্রেস সচিব বলেন, বর্তমানে দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে যুক্ত এবং ভোট ও সংস্কার বিষয়ে তথ্য পাচ্ছেন। পাশাপাশি সাক্ষরতার হার প্রায় ৮০ শতাংশে উন্নীত হওয়ায় ভোটারদের সচেতনতা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। তিনি আরও জানান, ভোটের দিন এখনও ৪১ দিন বাকি রয়েছে। এই সময়ে ভোটার সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভোটের গাড়ি দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় প্রচারণা চালাবে।

This post was viewed: 48

আরো পড়ুন