Skip to main content

Ridge Bangla

এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজায় নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্ধারিত রুট অনুযায়ী মরদেহ বহনকারী গাড়িবহরটি রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অতিক্রম করবে।

ডিএমপি সূত্র জানায়, এভারকেয়ার হাসপাতাল থেকে যাত্রা শুরু করে মরদেহটি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করবে। এরপর নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশান-২ এলাকার বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছানো হবে। সেখানে স্বল্প সময়ের জন্য মরদেহ রাখা হবে, যাতে দলীয় নেতাকর্মী ও স্বজনরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন।

পরবর্তীতে মরদেহটি কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে এয়ারপোর্ট রোডে উঠবে। সেখান থেকে মহাখালী ফ্লাইওভার পেরিয়ে জাহাঙ্গীরগেট ও বিজয় সরণি হয়ে অগ্রসর হয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বাম দিকে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করবে। নির্ধারিত গন্তব্য হিসেবে মরদেহটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে।

বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন স্থানে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে।

This post was viewed: 38

আরো পড়ুন