Ridge Bangla

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানির অনুমোদন

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে দেশের সরকারি খাদ্য মজুত জোরদার হবে এবং বিতরণ ব্যবস্থা সচল রাখতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, চাল আমদানির জন্য প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা ১ পয়সা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে আন্তর্জাতিক উৎস থেকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে মোট ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে খাদ্য মজুত বাড়াতে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়।

এই দরপত্র প্রক্রিয়ায় মোট ছয়টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং সবকটি দরপত্রই আর্থিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। দরপত্র মূল্যায়ন শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা হিসেবে ভারতের বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে নির্বাচিত করা হয়।

চুক্তি অনুযায়ী, প্রতি মেট্রিক টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫৯ দশমিক ৭৭ মার্কিন ডলার। এতে মোট আমদানিমূল্য দাঁড়াচ্ছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০ কোটি ৫ লাখ ৩৩ হাজার টাকা।

This post was viewed: 31

আরো পড়ুন