মোবাইল ফোনের বাজার স্থিতিশীল রাখতে আমদানিতে বড় ধরনের শুল্কছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় ৬০ শতাংশ কম। একই সঙ্গে দেশীয় মোবাইল উৎপাদনকারীদের ক্ষেত্রে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিটিআরসির নির্ধারিত সময়ের মধ্যে আমদানি করা এবং বর্তমানে ব্যবসায়ীদের হাতে থাকা মোবাইল ফোনগুলো কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই ‘স্টক-লট’ হিসেবে বৈধ করা হবে।
এসব ফোন জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমে অনুমোদন পাবে, ফলে বাজারে থাকা অবৈধ ফোন বৈধ করার সুযোগ সৃষ্টি হলো। সরকার মনে করছে, শুল্ক কমানোর ফলে বৈধ আমদানি ও দেশীয় উৎপাদন উভয়ই উৎসাহিত হবে এবং বাজারে মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালে আসবে।
তবে এই সিদ্ধান্তে চলতি অর্থবছরে সরকারের প্রায় ৩৫ কোটি টাকার রাজস্ব ঘাটতি হতে পারে বলেও জানানো হয়েছে। প্রবাসীদের বিষয়টি মানবিক বিবেচনায় রেখে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ফেরার পর প্রবাসীদের ব্যবহৃত মোবাইল ফোন তিন মাস পর্যন্ত বন্ধ করা হবে না। তিন মাসের কম সময় অবস্থান করলে রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। তিন মাসের বেশি থাকলে পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে হবে।