Ridge Bangla

বেগম খালেদা জিয়ার মৃত্যু রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি: নাহিদ ইসলাম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এ শোকবার্তা জানান।

নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রেখেছে। নব্বইয়ের দশকের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তার অবদান অসামান্য।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বহুবার কারাবরণ করেছেন, রাজনৈতিক চড়াই-উৎরাই পার করেছেন, তবে কখনো তার আদর্শ বা জনগণের অধিকারের জন্য আপসহীনতার জায়গা ছাড়েননি। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন দৃঢ় ও অবিচল। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ও লড়াই চিরস্মরণীয় থাকবে। তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে।

তিনি আরও বলেন, আজ তার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটলো। নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

This post was viewed: 23

আরো পড়ুন