রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাট এলাকায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী–নাটোর মহাসড়কের পাশে ব্যস্ত বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে নাটোরগামী বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে হাটের ভেতরে ঢুকে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতরা হলেন নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের সিয়াম (১৫), পাইকপাড়া গ্রামের মুনকার প্রামাণিক (৩৫), বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সেন্টু (৪০) এবং রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের ইসলাম উদ্দিন (৬০)। আহত ব্যক্তি পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের রায়হান আলী (৪৫)। নিহতরা সবাই কলা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুঠিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সারওয়ার হোসেন জানান, ট্রাকটি সড়ক ছেড়ে সরাসরি বাজার এলাকায় ঢুকে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে।