Ridge Bangla

খালেদা জিয়াকে জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তিনি গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার নামাজে জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজার পর তিনি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে সমাহিত হবেন। ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা হাসপাতালেই উপস্থিত ছিলেন।

চলতি বছরের ২৩ নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১৫ অক্টোবরও তিনি একই হাসপাতালে ভর্তি ছিলেন। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ছিল এবং হৃদ্যন্ত্র ও ফুসফুস আক্রান্ত হয়েছিল।

২০২৪ সালের জুলাই-আগস্টে গণআন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতায় মওকুফ করেন। এর পর উন্নত চিকিৎসার জন্য তিনি ৮ জানুয়ারি লন্ডনে যান। চার মাস চিকিৎসা শেষে ৬ মে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

This post was viewed: 20

আরো পড়ুন