রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা–১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে বলে আদেশে জানানো হয়।
অপসারিত ছয় সহকারী পুলিশ সুপার হলেন মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর সহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার এবং সাঈদ করিম মুগ্ধ।
পুলিশ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহীর চারঘাটে অবস্থিত সারদা পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা এক বছর মেয়াদি প্রশিক্ষণে রয়েছেন। আগামী মাসে তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।