বরিশাল-ঢাকা নৌরুটের মেঘনা নদীতে আবারও দুই নৌযানের সংঘর্ষ ঘটেছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চাঁদপুর-মুলাদী নৌরুটের আলু বাজার এলাকায় যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ-৭ পণ্যবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, লঞ্চটির মাস্টার মো. মনিরুজ্জামান বলেন, ঘন কুয়াশার কারণে রাত ২টা থেকে লঞ্চটি নদীতে নোঙর করা ছিল। সকাল সোয়া ৬টার দিকে যাত্রী নিয়ে মুলাদীর উদ্দেশে রওয়ানা দেওয়ার সময় একটি ছোট কার্গো জাহাজ লঞ্চের মাঝ বরাবর আঘাত করে। এতে লঞ্চের দ্বিতীয় তলার প্রায় ৩০ ফুট অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার সময় দোতলায় থাকা যাত্রীরা দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান।
যাত্রীদের অভিযোগ, পণ্যবাহী জাহাজটি নদীর তীরে নোঙর করা ছিল এবং লঞ্চের মাস্টার ঘন কুয়াশার কারণে তা উপেক্ষা করেছেন। এর ফলে লঞ্চটি জাহাজটিকে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশাল বিআইডব্লিউটিএ’র ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক জুলফিকার আলী জানান, সংঘর্ষ ঘটেছে, কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটি বেলা ১২টার দিকে নিরাপদে মুলাদীতে পৌঁছেছে। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেঘনায় ঘন কুয়াশার কারণে চাঁদপুরের হাইমচর এলাকায় দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন। ওই ঘটনায় চারজন স্টাফকে আটক করা হয় এবং চাঁদপুর আদালতে ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া তিনটি নৌযানের রুট পারমিটও বাতিল করা হয়েছে।