Ridge Bangla

বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ আজ

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বঙ্গভবনে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। তিনি একটি আইনজীবী পরিবারে বেড়ে ওঠেন। তাঁর বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর উচ্চতর শিক্ষা নিয়ে আরেকটি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

পেশাগত জীবনে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর তাঁর নিয়োগ স্থায়ী হয়। পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি তাঁকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরদিন ১৩ আগস্ট তিনি ওই পদে শপথ গ্রহণ করেন। দীর্ঘ বিচারিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় আজ তিনি দেশের সর্বোচ্চ বিচারিক পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন।

This post was viewed: 21

আরো পড়ুন