Ridge Bangla

কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণ, তিন নারী গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি জানান, গ্রেপ্তার তিন নারী হলেন উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক শেখ আল আমিনের স্ত্রী আছিয়া, তাঁর বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার এবং আসমানি খাতুন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ড্রামভর্তি আনুমানিক ৪০০ কেজি রাসায়নিক তরল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি ল্যাপটপ, দুটি মনিটর, বিভিন্ন ধরনের রাসায়নিক লিকুইড এবং চারটি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। পুলিশ সুপার বলেন, বিস্ফোরণের সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি রাসায়নিক বিক্রিয়ার ফল নাকি বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে সংঘটিত হয়েছে, তা নির্ধারণে তদন্ত চলছে।

উল্লেখ্য, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার ভেতরে থাকা কয়েকজন নারী ও শিশু আহত হন। ঘটনার পরপরই বোম্ব ডিসপোজাল ইউনিট, অ্যান্টি টেররিজম ইউনিট এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এলাকাটি ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

This post was viewed: 27

আরো পড়ুন