Ridge Bangla

হাদি হত্যার প্রতিবাদে আজ সারাদেশে অবরোধ ডেকেছে ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চ আজ রোববার (২৮ ডিসেম্বর) সারাদেশের আট বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধের ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগীয় শহরে শান্তিপূর্ণভাবে এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন। শহীদ হাদির কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহবাগ এলাকা ত্যাগ করার পর পুনরায় সেখানে অবস্থান শুরু করেন সংগঠনের কর্মীরা।

ইনকিলাব মঞ্চ জানায়, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর থেকেই সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং সারা রাত সেখানে অবস্থান করেন।

This post was viewed: 24

আরো পড়ুন