ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে পদত্যাগ করেছেন দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। রোববার তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন।
আইন মন্ত্রণালয় সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সাংবিধানিক ও আইনগত বাধ্যবাধকতা পূরণ করতেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। আসন্ন নির্বাচনে মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পালনকালে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয়ে সরকারকে প্রতিনিধিত্ব করেন।
অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের আগে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা মো. আসাদুজ্জামান ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে পরের বছর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা শুরু করেন। ২০০৫ সালে তিনি আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।