Ridge Bangla

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে শুরু হলো জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ

গৃহযুদ্ধ ও সহিংসতার মধ্যেই আজ (২৮ ডিসেম্বর) মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচন দেশটিতে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম জাতীয় নির্বাচন। নোবেলজয়ী অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাত হওয়ার প্রায় পাঁচ বছর পর এই ভোট অনুষ্ঠিত হচ্ছে।

সমালোচকরা নির্বাচনের মাধ্যমে সামরিক সরকারের শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে এটি দেখছেন। সামরিক সরকারের ঘোষণা অনুযায়ী, জাতীয় নির্বাচন তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ শুরু হয়েছে আজ, দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১১ জানুয়ারি এবং তৃতীয় ধাপ হবে ২৫ জানুয়ারি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ সেনানিয়ন্ত্রিত শহর ও গ্রামাঞ্চলে সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা- উভয় নির্বাচনের ভোট গ্রহণ একই সঙ্গে সম্পন্ন হচ্ছে।

মিয়ানমারে মোট ৩৩০টি নির্বাচনী এলাকার মধ্যে ২৬৩ এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দেশের অন্যান্য অংশে সশস্ত্র বিদ্রোহীদের দখলে থাকায় সেখানে ভোটগ্রহণ সম্ভব হয়নি। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে তীব্র প্রশ্ন থাকলেও সেনানিয়ন্ত্রিত এলাকায় ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও স্থানীয় নাগরিকদের নজর কেড়েছে। সামরিক সরকারের নিয়ন্ত্রণে থাকা এলাকায় ভোটাররা সশরীরে ভোট দিতে গিয়েও তাদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকতে বাধ্য হচ্ছেন।

This post was viewed: 20

আরো পড়ুন