ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্য আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেওয়ান আজাদ জানান, রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং একাধিক যাত্রী আহত হন।