Skip to main content

Ridge Bangla

রাজশাহীকে হারিয়ে বিপিএলে ঢাকার শুভসূচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উদ্বোধনী জয়ে আত্মবিশ্বাসী রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দলটি।

শনিবার (২৭ ডিসেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৩২ রান। ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে শুরু থেকেই চাপে পড়ে রাজশাহীর ব্যাটিং লাইনআপ। বিশেষ করে পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৬ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তাঁর কার্যকর স্পেলের পাশাপাশি রাজশাহীর ইনিংস বড় হতে দেননি ঢাকার অন্যান্য বোলাররাও।

১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার শুরুটা অবশ্য মসৃণ ছিল না। দ্বিতীয় ওভারেই মাত্র ১ রান করে ফিরে যান সাইফ হাসান। আরেক ওপেনার উসমান খান ১৫ বলে ১৪ রান করে আউট হন। অধিনায়ক মোহাম্মদ মিঠুনও বড় ইনিংস খেলতে পারেননি, করেন মাত্র ১২ রান।

তবে ইনিংসের মধ্যভাগে দায়িত্বশীল ব্যাটিং করেন আব্দুল্লাহ আল মামুন। তিনি ৩৮ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন। নাসির হোসেন যোগ করেন ১৯ রান। শেষদিকে সাব্বির রহমান রুম্মনের ঝোড়ো ব্যাটিং ঢাকার জয় নিশ্চিত করে। ১০ বলে অপরাজিত ২১ রান করেন সাব্বির, আর ১৩ বলে ১৭ রানে অপরাজিত থাকেন শামীম হোসেন পাটোয়ারি। ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।

রাজশাহীর পক্ষে মোহাম্মদ নেওয়াজ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। তানজিম হাসান সাকিব ও সন্দীপ লামিচানে একটি করে উইকেট শিকার করেন।

This post was viewed: 65

আরো পড়ুন