ফরিদপুরের আলফাডাঙ্গায় গভীর রাতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে সাইফুল সরদার (৪৯) নামে এক বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সাইফুল ওই গ্রামের হবি সরদারের ছেলে। তিনি সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকার বর্তমান ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম ও জুয়েল মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ উঠেছে, এই বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে জুয়েল মিয়ার অনুসারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ শরিফুল মেম্বারের সমর্থকদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে পুলিশ পরিচয় দিয়ে সাইফুলকে ঘরের দরজা খুলতে বাধ্য করে। এরপর ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। একই রাতে পার্শ্ববর্তী ইসমাইল মোল্যা নামের এক কৃষকের ওপরও হামলা চালানো হয়। শুধু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করাই নয়, হামলাকারীরা ওই এলাকার অন্তত ৭-৮টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলো দাবি করেছে।
গুরুতর আহত অবস্থায় সাইফুল ও ইসমাইলকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ নিয়ে যাওয়ার পথে সাইফুলের মৃত্যু হয়। বর্তমানে আহত ইসমাইল মোল্যা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান ও আলফাডাঙ্গা থানার ওসি আবুল হাসনাত খান। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে আইয়ুব মিয়া (৫৫) ও শফিকুল মিয়া (৩৮) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তারা আমাদের বিভ্রান্ত করেছিল। দরজা খোলার পরপরই জুয়েল মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা আমার স্বামীকে কোপাতে শুরু করে। তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।