Ridge Bangla

সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন সম্পন্ন করার পর সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

শনিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে এনআইডি ডিজি বলেন, আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই করে এনআইডি নম্বর জেনারেট করবে। কারও সঙ্গে তথ্যের মিল না পাওয়া গেলে খুব দ্রুতই, সাধারণত ৭ ঘণ্টার মধ্যে এনআইডি প্রস্তুত হয়ে যায়। কোনো কারণে বিলম্ব হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।

তিনি আরও জানান, বর্তমানে মাঠপর্যায়ে ভোটার হওয়ার সুযোগ না থাকলেও কমিশনের মাধ্যমে আবেদন করে এনআইডি করা সম্ভব। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনে আলাদা করে আবেদন করতে হবে।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তারেক রহমান ইতোমধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করেছেন। এখন কেবল সরাসরি উপস্থিত হয়ে আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিলেই নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষ হবে।

নিবন্ধন শেষে সার্ভারে তথ্য যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলে এনআইডি নম্বর স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল নয়। তিনি চাইলে অফিস থেকেই এনআইডি বা স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন, আবার মোবাইলে পাঠানো এসএমএসের মাধ্যমে অনলাইন থেকেও ডাউনলোড করা যাবে। শনিবার দুপুরেই তাঁর নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এদিকে, বিএনপি ও ইসি সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, তারেক রহমানের জন্মস্থান বগুড়া হলেও তিনি মা বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র ঠিকানায়, অর্থাৎ ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ড (গুলশান এলাকা) থেকে ভোটার নিবন্ধন করছেন।

উল্লেখ্য, ২০০৭-০৮ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান এবং এরপর দেশে ফিরতে না পারায় সে সময় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে ভোটার হিসেবে নিবন্ধন করেন। অন্যদিকে, তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্ট এলাকার ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত হন।

This post was viewed: 14

আরো পড়ুন