Ridge Bangla

জামায়াত–এনসিপি নির্বাচনি সমঝোতা চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জুলাই যোদ্ধাদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে রাজনৈতিক সমঝোতা চূড়ান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন সমন্বয়, নির্বাচনি কৌশল ও যৌথ কর্মসূচি নিয়ে দুই পক্ষ মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। শীর্ষ নেতাদের উপস্থিতিতে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সূত্র মতে, বেশ কিছুদিন ধরে চলা ধারাবাহিক বৈঠকের পর এ বোঝাপড়ায় পৌঁছানো হয়েছে। মনোনয়ন উত্তোলনের শেষ দিন পর্যন্ত সমঝোতা না হলে প্রার্থী প্রত্যাহারের আগেই আসনভিত্তিক সমন্বয় চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। এ সমঝোতার ফলে ইসলামী আট দলীয় জোটের রাজনৈতিক পরিসর আরও বিস্তৃত হতে পারে।

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার এবং নির্বাচন-পূর্ব সংস্কারসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সক্রিয় জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ আট দলের আন্দোলনী ঐক্যকে ভোটের মাঠে রূপ দিতে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এনসিপিসহ আরও কয়েকটি দলও এ সমঝোতায় আগ্রহ দেখিয়েছে।

এনসিপি নেতারা ৫০টির বেশি আসন প্রত্যাশা করলেও জামায়াত নেতারা জানিয়েছেন, জরিপ ও জয়ের সম্ভাবনার ভিত্তিতে আসন ছাড় দেওয়া হবে। আন্দোলনরত আট দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ বলেন, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিগুলোকে অন্তর্ভুক্ত করেই নির্বাচনে এগোনোর লক্ষ্য তাদের। এনসিপির এক যুগ্ম আহ্বায়ক জানিয়েছেন, জামায়াতের সঙ্গে জোট গঠনে দলের ভেতরে রেজুলেশন পাস হয়েছে এবং আলোচনা চলমান রয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন