Ridge Bangla

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শুরু হওয়া এই অবরোধে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ মোড়ে এসে অবস্থান নিলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই মোড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন। শাহবাগ চত্বরজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলবে। প্রয়োজনে তারা শাহবাগ চত্বরে রাত্রিযাপনের প্রস্তুতিও নিয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।

This post was viewed: 12

আরো পড়ুন