Ridge Bangla

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস: শীত-কুয়াশা বাড়তে পারে

দেশে শীতের প্রকোপ বেড়ে চলেছে। ক্ষণে ক্ষণে বইছে হিমেল বাতাস, রাতের তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এতে দুর্ভোগে পড়েছেন শহর-গ্রামের সাধারণ মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। একই সঙ্গে বাড়তে পারে কুয়াশার ঘনত্ব এবং শীতের তীব্রতা। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা বাংলাদেশের ওপর প্রভাব ফেলছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

শনিবারও আবহাওয়া অনুরূপ থাকবে। রবি ও সোমবার (২৮–২৯ ডিসেম্বর) রাত ও সকালে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা থাকবে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গত বৃহস্পতিবার রাজশাহীতে দেশের সর্বনিম্ন ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

This post was viewed: 27

আরো পড়ুন