Ridge Bangla

নাইজেরিয়ায় আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্টদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নাইজারের সীমান্তঘেঁষা সোকোটো রাজ্যে আইএস পরিচালিত একাধিক ক্যাম্পে এই হামলা হয়। প্রাথমিক মূল্যায়নে ওই সংগঠনের একাধিক সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বড়দিনের দিনে চালানো এই হামলা ছিল মারাত্মক। ট্রাম্প আইএসকে সন্ত্রাসী আবর্জনা হিসেবে আখ্যায়িত করে বলেন, এই গোষ্ঠী মূলত নিরীহ খ্রিস্টানদের হত্যা কাজে লিপ্ত।

তবে নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগগার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিউজকে বলেন, এটি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযান এবং এর সঙ্গে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয়। তুগগার বলেন, “এটি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, দিন-তারিখ বা ধর্মের সঙ্গে এর সম্পর্ক নেই।”

এদিকে এই হামলার খবর পূর্ব থেকে না জানা স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়ে। নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরে বোকো হারাম ও আইএস ঘনিষ্ঠ আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী হিসেবে স্বীকৃত বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চলমান রয়েছে। তবে সোকোটো অঞ্চলে এমন হামলা তুলনামূলকভাবে বিরল।

This post was viewed: 19

আরো পড়ুন