চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতরা জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের যাত্রী ছিলেন। তবে সংঘর্ষের পরপরই লঞ্চ দুটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদেরও সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা যায়নি।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, দুর্ঘটনার সময় মেঘনা নদীতে ঘন কুয়াশা বিরাজ করছিল। দৃষ্টিসীমা অত্যন্ত কম থাকায় লঞ্চ দুটির চালক একে অপরকে সময়মতো শনাক্ত করতে পারেননি। এর ফলেই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে নৌপুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতদের পরিচয় শনাক্ত ও আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।