ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী হিসেবে পরিচিত হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আদাবর এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হিমন আদাবর থানা যুবলীগের কর্মী এবং হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী। প্রায় দুই মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আদাবরের রাজ্জাক হোটেল থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী আদাবরের ১৭/বি এলাকার একটি বাসা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
এডিসি মো. জুয়েল রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেন, হিমনের সঙ্গে মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে এবং হত্যার পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়ে তার ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে।