নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে এসব ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পাগলা নন্দলালপুর ও দাপা শৈলকূইড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র্যাব-১১, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ (ডিপিডিসি) এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অভিযুক্ত ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে ফেলা হয়। পাশাপাশি এক্সকাভেটরের মাধ্যমে ইট ও অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয় এবং চিমনির আংশিক অংশ ভেঙে ফেলা হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে কাঁচা ইট ব্যবহারের অযোগ্য করা হয়।
জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২, মেসার্স এমএসবি ব্রিকস এবং মেসার্স এসইউএ ব্রিকস। প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়।