Ridge Bangla

যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে: সার্জিও গোরকে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, দীর্ঘদিন স্বৈরাচারী শাসনের মাধ্যমে যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা প্রয়োগের জন্য জাতি এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি জোর দিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ও শুল্ক আলোচনা, আসন্ন নির্বাচন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং তরুণ রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

আলোচনায় সার্জিও গোর সাম্প্রতিক বাণিজ্য ও শুল্ক আলোচনায় নেতৃত্বের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনার ক্ষেত্রে সরকারের ভূমিকা প্রশংসনীয়। একই সঙ্গে তিনি শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় বিপুল জনসমাগমের বিষয়টিও আলোচনায় আনেন।

প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের কিছু সমর্থক নির্বাচনি প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতারা সহিংসতা উসকে দিচ্ছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

This post was viewed: 13

আরো পড়ুন