Ridge Bangla

ডেভিল হান্ট ফেজ-২: ফরিদপুরে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫৮ জন

‘ডেভিল হান্ট ফেজ-২’ নামে চলমান বিশেষ অভিযানে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় সাবেক জেলা যুবলীগ নেতা মো. মনিরুজ্জামান ওরফে লিটন মৃধাসহ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. শামছুল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের বাসিন্দা ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মৃধা (৪৭)। রোববার দিবাগত রাতে বোয়ালমারী থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে। পরদিন সোমবার তাকে সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর বোয়ালমারী থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লিটন মৃধা এর আগে ২০১৯ ও ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। এছাড়া ২০২১ সালের বোয়ালমারী পৌরসভা নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে কোনো নির্বাচনে জয়ী হতে পারেননি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম জানান, গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত মামলা ও মাদকসহ নানা অপরাধে জড়িত মোট ৫৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান অব্যাহত থাকবে।

This post was viewed: 18

আরো পড়ুন