Ridge Bangla

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে সোমবার (২১ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনকেন্দ্রিক সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি ও জড়িতদের গ্রেপ্তারের বিষয়েও আলোচনা করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে ৩১ জন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায় তিনজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের কঠোর নির্দেশ দেন।

This post was viewed: 14

আরো পড়ুন