Ridge Bangla

ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে ইনকিলাব মঞ্চ সোমবার একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। সমর্থকদের উপস্থিতিতে শান্তিপূর্ণ বিক্ষোভ ও সভার মাধ্যমে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানানো হবে।

সংগঠনের ফেসবুক পেজ থেকে রোববার (২১ ডিসেম্বর) রাতে জানানো হয়, ১০ লক্ষাধিক মানুষের সমর্থন সত্ত্বেও তাদের দুই দফা দাবির কোনোটি বাস্তবায়িত হয়নি। বিশেষত স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলোতে প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব থাকা সত্ত্বেও হত্যাকারীদের গ্রেপ্তার হয়নি। এছাড়া অ্যাডিশনাল আইজিপি দ্বারা সংবাদ সম্মেলন করিয়ে হত্যাকাণ্ডকে ছোট ও অগ্রহণযোগ্য দেখানোর চেষ্টা করা হয়েছে।

রোববার রাত ১০টা ৫৪ মিনিটে সংগঠনটি আবার ফেসবুকে ঘোষণা দেয়, ‘খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না।’ কর্মসূচির মধ্যে সোমবার দুপুর ১২টায় শাহবাগে সংবাদ সম্মেলন এবং বিকেল ৩টায় শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

This post was viewed: 15

আরো পড়ুন