Ridge Bangla

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ১৮ জন

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) মধ্যরাতের পর সেমারাং শহরের ক্রাপিয়াক টোল সড়কে এ দুর্ঘটনা ঘটে। ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি কংক্রিট ব্যারিয়ারে ধাক্কা দেয় এবং পরে উল্টে যায়।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, বাসটি রাজধানী জাকার্তা থেকে ঐতিহাসিক শহর যোগ্যাকার্তার দিকে যাচ্ছিল। বাঁকানো এক্সিট র‍্যাম্পে ঢোকার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। তীব্র ধাক্কায় কয়েকজন যাত্রী ছিটকে পড়েন এবং অনেকেই বাসের ভেতরে আটকে যান। প্রায় ৪০ মিনিট পর পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ছয়জন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জন মারা যান।

আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৩ জন গুরুতর আহত। আহতদের নিকটবর্তী দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেন্ট্রাল জাভা পুলিশের প্রধান রিবুত হারি উইবোও জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা বাসটির অত্যধিক গতির কথা জানিয়েছেন। দুর্ঘটনার সময় চালক নিয়ন্ত্রণ হারান। চালক নিয়মিত ছিলেন না, গুরুতর আহত হলেও চিকিৎসাধীন অবস্থায় কথা বলার ক্ষমতা রয়েছে। প্রাথমিক তদন্তে মাদক বা নিষিদ্ধ পদার্থ চালকের শরীরে আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

This post was viewed: 18

আরো পড়ুন