বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা বিএনপিতে ব্যাপক উদ্দীপনা ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমানকে বরণ করে নিতে জেলার ৯টি উপজেলা থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।
জেলা বিএনপি সূত্র জানায়, নেতাকর্মীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি ৬০টি বাস ও প্রায় ১০০টি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। বুধবার আগামীকাল রাতেই এসব যানবাহনে করে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হবেন। সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানের সামনে রাত ১১টার মধ্যে অন্তত ৬০টি বাস জড়ো করা হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ৮৩টি ইউনিয়ন থেকেও নিজ নিজ সুবিধাজনক সময় অনুযায়ী নেতাকর্মীরা ঢাকায় যাত্রা করবেন। এ উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে দফায় দফায় প্রস্তুতি সভা ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, দলীয় নির্দেশনা অনুযায়ী ট্রেন, বাস ও মাইক্রোবাসে করে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। পুরো বিষয়টি জেলা বিএনপির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দীর্ঘদিন পর প্রিয় নেতার দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।