Ridge Bangla

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ উন্নয়ন প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্পের জন্য সরকারি তহবিল থেকে ৩০ হাজার ৪৮২ কোটি, প্রকল্প ঋণ থেকে এক হাজার ৬৮৯ কোটি এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয় হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন, ৫টি সংশোধিত এবং ৩টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প রয়েছে।

ঢাকায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। সভায় পরিকল্পনা, পররাষ্ট্র, খাদ্য, ভূমি, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক, স্বরাষ্ট্র, কৃষি, শিল্প, স্থানীয় সরকার, বিদ্যুৎ, জ্বালানি, পরিবেশ, বন, স্বাস্থ্য, শিক্ষা ও ধর্ম উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রকল্পগুলোতে রয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ৫টি প্রকল্প, পানিসম্পদ ৪টি, সড়ক পরিবহন ও সেতু ৩টি, প্রতিরক্ষা ২টি, বিদ্যুৎ-জ্বালানি-খনিজ ১টি, সমাজকল্যাণ ১টি, স্বাস্থ্য ১টি, শিক্ষা ২টি, গৃহায়ন ও গণপূর্ত ১টি, কৃষি ১টি এবং ধর্ম মন্ত্রণালয়ের ১টি প্রকল্প।

উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে ঢাকা ওয়াসা প্রশিক্ষণ একাডেমি, কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন, রাঙামাটি কর্ণফুলী নদী টেকসই পানি ব্যবস্থাপনা, নারায়ণগঞ্জে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং দারুল আরকাম ইসলামী শিক্ষা সম্প্রসারণ অন্তর্ভুক্ত।

এছাড়া সভায় পরিকল্পনা উপদেষ্টা নিজস্ব ক্ষমতাবলে ৫০ কোটি টাকার ১০টি ছোট প্রকল্পের অনুমোদনের বিষয়েও একনেককে অবহিত করা হয়।

This post was viewed: 42

আরো পড়ুন