Ridge Bangla

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ৫ উইকেট নেওয়ার অবিশ্বাস্য রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন এক অবিশ্বাস্য রেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার হিসেবে ইতিহাসে নাম লেখালেন ২৮ বছর বয়সী এই ডানহাতি পেসার। পুরুষ বা নারীদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তিনিই প্রথম বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন।

কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে তিনি এক ওভারে পাঁচ উইকেট নিয়েছেন, যা কোনো পুরুষ বা নারী ক্রিকেটারের দ্বারা আন্তর্জাতিক পর্যায়ে প্রথমবারের মতো ঘটেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বালিতে সিরিজের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষে কম্বোডিয়ার সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০৬ রান। ম্যাচের ১৬তম ওভারে আসেন প্রিয়ান্দানা। আর এসেই ওলটপালট করে দিলেন সব হিসাব। ওভারের প্রথম তিন বলেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। একে একে তার শিকার হন শাহ আবরার হুসেন, নির্মলজিৎ সিং এবং চ্যানথেউন রথানাক। এরপর একই ওভারে মংদারা সক ও পেল ভেনাককে ফিরিয়ে দেন। চতুর্থ বলটি ডট দেওয়ার পর পঞ্চম বলে আবারও আঘাত। শেষ বলের আগে একটি ওয়াইড দিলেও বৈধ শেষ বলে তুলে নেন ওভারের পঞ্চম উইকেট। ওই ওভারে মাত্র ১ রান দিয়ে ৫ উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দেন প্রিয়ান্দানা। তার বিধ্বংসী বোলিংয়ের ফলে কম্বোডিয়া দল মাত্র ১০৭ রানে অল-আউট হয়ে যায়।

আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথমবার হলেও ঘরোয়া বা অন্যান্য স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া আগে দুইবার ঘটেছে। ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশের আল-আমিন হোসেন এবং ২০১৯-২০ মৌসুমে ভারতের অভিমন্যু মিথুন এই কীর্তি গড়েছিলেন।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে চার উইকেট নেওয়ার ঘটনা ১৪ বার ঘটেছে, যার মধ্যে ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে লাসিথ মালিঙ্গার টানা ৪ বলে ৪ উইকেট শিকার ছিল সবচেয়ে আলোচিত। এছাড়া আফগানিস্তানের রশিদ খান, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারও নেন ৪ উইকেট। এবার সবাইকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন ইন্দোনেশিয়ার প্রিয়ান্দানা।

This post was viewed: 57

আরো পড়ুন