Ridge Bangla

দেশের ২৬তম প্রধান বিচারপতির দায়িত্ব পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ওইদিন তার বয়স ৬৭ বছর পূর্ণ হবে।

এরই মধ্যে অন্তর্বর্তী সরকার জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ইতোমধ্যে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন। দ্রুতই আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

গত বছর ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান সৈয়দ রেফাত আহমেদ। আগামী শনিবার তিনি অবসরে যাবেন। বর্তমানে সুপ্রিম কোর্টে বার্ষিক ছুটি চলায় গত বৃহস্পতিবার ছিল তার কর্মজীবনের শেষ কর্মদিবস। রীতি অনুযায়ী ওইদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনের ওপর আরও একটি মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

This post was viewed: 29

আরো পড়ুন