Skip to main content

Ridge Bangla

কারাগারে থেকেই সস্ত্রীক গ্রেপ্তার আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ

চট্টগ্রামের লালদীঘি পাড় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এক মাদ্রাসাছাত্র নিহত হওয়ার মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার (২১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এ আদেশ দেন।

মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ওই দম্পতিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শুনানিতে সাজ্জাদ রাজশাহী এবং তামান্না ফেনী কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন লালদীঘি পাড় ও নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়। ওই সময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। সেদিন দুপুরের দিকে গুলিবিদ্ধ হন মাদ্রাসাছাত্র মো. নিজাম উদ্দিন (২১)। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা সাহাবউদ্দিন এ ঘটনায় মামলা করেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর একাধিক হত্যা মামলায় ছোট সাজ্জাদের জামিন বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাই কোর্ট থেকে পাওয়া জামিননামা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কারাগারে পৌঁছালে বিষয়টি আলোচনায় আসে। জানা যায়, সাজ্জাদের বিরুদ্ধে বর্তমানে ১০টি হত্যা মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। তার স্ত্রী তামান্নার বিরুদ্ধেও রয়েছে আটটি মামলা।

এছাড়া চলতি মাসের ১৫ ডিসেম্বর চান্দগাঁও থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে আরও দুটি মামলায় এই দম্পতিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

This post was viewed: 68

আরো পড়ুন