Ridge Bangla

ফিলিস্তিনের পশ্চিম তীর অংশে আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরাইলের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই প্রস্তাবিত এই রাষ্ট্রের অপর অংশ পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। কট্টর ডানপন্থি ইসরাইলি রাজনীতিবিদ এবং বর্তমানে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ তথ্য জানিয়েছেন।

বিবিসিকে স্মোতরিচ বলেছেন, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজকে এ বিষয়ক একটি প্রস্তাব দিয়েছিলেন তিনি, গতকাল সেটি পাস হয়েছে। তিনি আরও জানিয়েছেন, প্রস্তাবিত স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে বাধা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ইসরাইলের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে সৌদি আরব। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, পশ্চিম তীরে ইসরাইলের দখলদারিত্ব কার্যক্রমের ধারাবাহিক সম্প্রসারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং একই সঙ্গে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎকে গুরুতর হুমকির মুখে ফেলছে। নতুন বসতিগুলো অনুমোদন পেয়েছে জেনিম ও কাদিম অংশে।

২০ বছর আগে এই এলাকা দুটিতে বসতি ভেঙে ফেলা হয়েছিল। সেখানেই আবার নতুন করে বসতি গড়ে তোলা হচ্ছে এবার। জাতিসংঘ পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ ২০১৭ সালের পর এখন সর্বোচ্চ পর্যায়ে বলে জানানোর কয়েকদিন পর ইসরাইলের এই পদক্ষেপ এল।

গত মে মাসে ইসরাইল পশ্চিম তীরে ২২টি নতুন বসতি অনুমোদন করেছিল। সেটি ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বসতি সম্প্রসারণ। ইসরাইল সরকার অগাস্টেও ৩ হাজারেরও বেশি বাড়ি নির্মাণ অনুমোদন করেছিল ইওয়ান প্রজেক্টের আওতায়। জেরুজালেম এবং মালে আদুমিম বসতির মাঝে এই বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল।

This post was viewed: 24

আরো পড়ুন