Ridge Bangla

পোস্টাল ব্যালটে ভোট: প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৫ লাখ ২০ হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৫ লাখ ৫৪ হাজার ৫৯২ জন প্রবাসী ভোটার। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ২০ হাজার ৩৫৩ জন এবং নারী ভোটার ৩৪ হাজার ২৩৭ জন। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসী ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠাবে কমিশন।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এসব তথ্য জানা যায়।

এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এজন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। গত ১৯ নভেম্বর থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়। নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসি।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, লিবিয়া, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপানসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।

ইসি আরও জানায়, নিবন্ধিত ভোটারদের কাছে পাঠানো ব্যালটে ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামে সেটি পূরণ করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ডাকযোগে পাঠাতে হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালট পদ্ধতির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

This post was viewed: 35

আরো পড়ুন