বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) সপ্তাহ উদযাপন করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই উপলক্ষে এক জুম মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসিআর সপ্তাহ উদযাপন করা হবে। মাউশির উপপরিচালক (কলেজ-১) নুরুল হক সিকদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, এসিআর সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে সব সরকারি কলেজ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম জুমে আগে প্রকাশিত সূচি অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে।
চিঠিতে সভার জুম মিটিং আইডি 89521763645 এবং পাসওয়ার্ড 1234 উল্লেখ করা হয়েছে। সভায় সবাইকে নির্ধারিত সময়ে অনলাইন প্ল্যাটফর্ম জুমে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সভার সময়সূচি অনুযায়ী, ঢাকা অঞ্চলের সভা ২৪ ডিসেম্বর সকাল ১০টায়, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের সভা ২৮ ডিসেম্বর সকাল ১০টায়, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সভা ২৮ ডিসেম্বর দুপুর ১২টায়, খুলনা ও বরিশাল অঞ্চলের সভা ২৯ ডিসেম্বর সকাল ১০টায় এবং সিলেট ও রংপুর অঞ্চলের সভা ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এ আলোচনা সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের সময়সূচি অনুযায়ী অংশ নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।