Ridge Bangla

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

ভারতের রাজধানী দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে লক্ষ্য করে হুমকির ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে অবস্থান নেয়। এ সময় তারা কিছুক্ষণ উচ্চস্বরে চিৎকার করে এবং বাংলা ও হিন্দি ভাষা মিলিয়ে নানা ধরনের কথাবার্তা বলে।

প্রেস মিনিস্টার জানান, ওই ব্যক্তিরা ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’ এ ধরনের স্লোগান দেয়। পরে তারা মূল ফটকের সামনে এসে আরও কিছুক্ষণ চিৎকার করে এবং কোনো ধরনের সহিংসতা না ঘটিয়েই সেখান থেকে চলে যায়।

হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না, এ বিষয়ে জানতে চাইলে মো. ফয়সাল মাহমুদ জানান, হতে পারে; এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাদের কথাবার্তায় ‘ওখানে হিন্দু মারা হলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব’ এ ধরনের হুমকিমূলক বক্তব্য ছিল বলে জানান তিনি।

ঘটনার পর রাতেই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা জানান, অভিযুক্তরা কেবল চিৎকার করে চলে গেছে, বাড়তি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়নি।

This post was viewed: 12

আরো পড়ুন