Ridge Bangla

শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক প্রকাশ

আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ দুই প্রধান ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শহীদ হয়েছেন শরীফ ওসমান বিন হাদি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে বিসিবি ও বাফুফে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে শোক প্রকাশ করে। বাফুফে তাদের নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজে ওসমান বিন হাদীর মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছে, ‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

অপরদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজে হাদীর একটি ছবি সংযুক্ত করে একটি বিবৃতি পোস্ট করে। বিবৃতিতে শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, আগামী সংসদ নির্বাচনে ঢাকা-৮-এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রচারণাকালে আততায়ীর বুলেটে বিদ্ধ হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন চব্বিশের গণঅভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের ইতিহাস ধরে রাখতে তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। গতকাল রাত সাড়ে ১১টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওসমান বিন হাদীর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও গভীর শোক জানিয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে এক দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 48

আরো পড়ুন