Ridge Bangla

এ কে খন্দকারের জানাজা সম্পন্ন

মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি ও বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার, বীর উত্তম-এর জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বেইস বাশারের প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিমান বাহিনী বেইস বাশারের কেন্দ্রীয় মসজিদের ইমাম জানাজা পরিচালনা করেন। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেন।

জানাজার আগে কফিন বহনকারীরা স্লো মার্চের মাধ্যমে এ কে খন্দকারের কফিন প্যারেড গ্রাউন্ডে নিয়ে যান। এ সময় রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে গার্ড অব অনার প্রদান ও আনুষ্ঠানিক ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। এরপর বিমান বাহিনীর বিমান সচিব এয়ার ভাইস মার্শাল আব্দুল্লাহ আল মামুন তার বর্ণাঢ্য কর্মজীবনের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। প্রয়াত এ কে খন্দকারের পুত্র জাফরুল করিম খন্দকারও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর সামরিক সচিব কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে এই মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান শেষে তিনটি বিমান বাহিনীর হেলিকপ্টারের ফ্লাই-পাস্টের মাধ্যমে এ কে খন্দকারকে সামরিক সম্মান জানানো হয়।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এ কে খন্দকার শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেন। ১৯৩০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৯৫ বছর।

This post was viewed: 41

আরো পড়ুন