Ridge Bangla

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত

নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি), চট্টগ্রামের মাধ্যমে নতুন করে কোনো ভিসা কার্যক্রম পরিচালিত হবে না।

শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের (এএইচসিআই) সামনে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষাপটে রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি মূল্যায়নের পর ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়।

এর পর থেকেই ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়কে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।

This post was viewed: 14

আরো পড়ুন